ফের ভেন্যু পালটাল পাকিস্তান

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ফের ভেন্যু পালটাতে বাধ্য হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  বায়ুদূষণের জন্য লাহোরের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। পিসিবি এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মুলতানে ওয়ানডে সিরিজ ও রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে চেয়েছিল পিসিবি। তবে, মুলতানে অবকাঠামোগত সমস্যার জন্য ওয়ানডে সিরিজ সরিয়ে নেওয়া হয় রাওয়ালপিন্ডিতে আর টি-টোয়েন্টি লাহোরে। এর অর্থ হলো, সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যুই এখন রাওয়ালপিন্ডি।  জিম্বাবুয়ে দল আগামী ৩০ অক্টোবর থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু করবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর সাত নভেম্বর থেকে শুরু হবে তিন টি-টোয়েন্টির সিরিজ।