দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৪ জন। এর আগে গত ২ আগস্ট শনাক্ত হয়েছিল ৮৮৬ জন। এরপর ২৪ ঘণ্টায় এত কম আর শনাক্ত হয়নি। মাঝখানে গত ২৬ সেপ্টেম্বর শনাক্ত হয় ১ হাজার ১০৬ জন এবং গত ৩ অক্টোবর শনাক্ত হয় ১ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলো ৩ লাখ ৯৭ হাজার ৫০৭ জন।
গতকাল শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট মারা গেল ৫ হাজার ৭৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪৯৮ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩ লাখ ১৩ হাজার ৫৬৩ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয় ১০ হাজার ৫৫৬টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৯৯৮টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি।
করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেছে ৪ হাজার ৪৫২ জন আর নারী ১ হাজার ৩২৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ আর নারী ২২ দশমিক ৯৮ শতাংশ। বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, খুলনা বিভাগে এক জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছে দুই জন।
