কিশোরগঞ্জ প্রতিনিধি
জেলার হাওর অধ্যুষিত মিঠামইন উপজেলার কাটখাল-হাজীপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে গতকাল শনিবার বেলা দুইটার দিকে গ্যাসের আগুনে একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত আট জনকে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখান থেকে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম। বাকি দুই জনকে মিঠামইন হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলাম জানান, সিলিন্ডার ফুটো হয়ে গ্যাস রান্নাঘরে ছড়িয়ে পড়ে। দুপুরে রান্না করার জন্য ম্যাচের কাঠি জ্বালালে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আব্দুস সালামের স্ত্রী সিপাই বেগম (৬৫), তার তিন ছেলে কামাল মিয়া (৩৫), জামাল মিয়া (২৮) ও আনু মিয়া (২৩), মেয়ে তাসলিমা (২৫) ও জুয়েনা (২০), নাতনি পারভীন (১৫), তহুরা (১০), উম্মে হানি (৩) ও উম্মে হানিফা (৩ মাস) দগ্ধ হয়। জামাল মিয়া ও আনু মিয়াকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। দগ্ধ আট জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
