পরিবারের নিরাপত্তা দাবি মায়ের, বিচার চেয়ে বিক্ষোভ

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২৩:০১

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের পর নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। নিহতের মা খালেদা বেগম বলেছেন, আমার এক ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে, আরেক ছেলেও হুমকিতে রয়েছে। তিনি তার পরিবারের নিরাপত্তা দাবি করেছেন।

গতকাল শনিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু তাদের সান্ত্বনা দিতে গেলে শুভ্রর মা এই দাবি জানান। এ সময় নিহতের মায়ের মাথায় হাত রেখে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেন বাবু। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন তাত্ক্ষণিক প্রতিশ্রুতি দেন, নিহতের ছোট ভাই মামলার বাদী আবিদুর রহমান প্রান্ত ও তার পরিবারের নিরাপত্তার বিষয়ে পুলিশ সব সময় সতর্ক রয়েছে।

এ সময় এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, ‘শুভ্রর হত্যাকারীদের একচুলও ছাড় দেওয়া হবে না।  মামলাটি দ্রুত সম্পন্ন করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার ব্যবস্থা করা হবে।’

শুভ্রর স্ত্রী তাহমিনা আক্তার চুমকী বলেন, ‘আমার স্বামী রাজনীতির জন্য বলি হয়েছে, স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীর যে কারণে মৃত্যু হয়েছে, আমি তার সেই স্বপ্ন পূরণ করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। হত্যাকারীরা যেন ক্ষমতার ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে।’

এ সময় নাতি হত্যার বিচার নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্ কামনা করেন শুভ্রর দাদি আয়শা আক্তার। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠন ভাষাসৈনিক ডা. এম এ সোবহানের স্ত্রী। নিহতের বাবা ডা. সিদ্দিকুর রহমান বাবুল, চাচা আসেকুর রহমান বাচ্চু, সাদেকুর রহমান, ফুফু মাজেদা বেগম মুক্তি ও ছোট ভাই মো. আবিদুর রহমান প্রান্ত এ সময় উপস্থিত ছিলেন।