সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান আহমদকে মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত কনস্টেবল হারুনুর রশিদকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পিবিআই। গতকাল শনিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক শারমিন খানম নীলা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম। এর আগে শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে জানান পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেকুজ্জামান।
গত ১১ অক্টোবর ভোরে নগরীর আখালিয়ার রায়হান আহমদকে পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতন করার পর তিনি মারা যান। পরে পুলিশের পক্ষ থেকে প্রচার করা হয়, ছিনতাইয়ের দায়ে গণপিটুনিতে তিনি মারা যান। কিন্তু পরিবারের দাবি, বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে প্রাণ হারান রায়হান। ঐ রাতেই পুলিশকে অভিযুক্ত করে মামলা করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
সিলেট মহানগর পুলিশের তদন্তের সুপারিশে এসআই আকবর হোসেন ভূইয়া, কনস্টেবল হারুন রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত এবং এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেনকে প্রত্যাহার করা হয়। এ মামলায় ২০ অক্টোবর মঙ্গলবার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পিবিআই।
