ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। গতকাল শনিবার নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, রফিক-উল হক ছিলেন দেশের শ্রেষ্ঠ আইনজীবী। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি সম্মানের সঙ্গে তার পেশার মর্যাদা সমুন্নত রেখেছেন। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশ ও জাতির কল্যাণে এবং আইন পেশার মর্যাদা বৃদ্ধিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি দল-মত নির্বিশেষে সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন।
নেতৃবৃন্দ বলেন, তিনি জাতীয় পার্টি-জেপির প্রতি বিশেষ সহানুভূতিশীল ছিলেন এবং জেপির কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন ২০১৬ উদ্বোধন করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশে আইন পেশার জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়। তিনি তার উত্তরসূরিদের জন্য রেখে গেছেন অনুকরণীয় দৃষ্টান্ত। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
