ইত্তেফাক ডেস্ক
শিবচরে পদ্মা নদীতে মা-ইলিশ রক্ষা অভিযানের সময় দুর্বৃত্তের হামলায় চার জন আহতের ঘটনা ঘটেছে। অপরদিকে চাঁদপুরে জেলেদের সঙ্গে নৌপুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
শিবচর (মাদারীপুর) :শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পদ্মা নদীতে মা-ইলিশ রক্ষার অভিযানে একদল জেলে ও স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। এসময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় মাছ ধরার অভিযোগে ১৪ জন জেলেকে আটক করা হয়েছে। শিবচর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা এ টি এম সামসুজ্জামান বলেন, দুপুর ১টার দিকে পদ্মানদীর শিবচর উপজেলা চরজানাজাত নদীতে অভিযানের সময় দুর্বৃত্তদের ছোড়া একটি মাটির খণ্ড আরডিসি মাহবুবুল হকের মাথায় এসে পড়লে তিনি আহত হন। অভিযানের সময় মোট চার জন আহত হয়।
চাঁদপুর :সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ছিরায়চর ও শিলায়েরচর নামক স্থানে নৌপুলিশ ও জেলেদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পালটা ধাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ১৩ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে সাত জন জেলেকে আটক করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় মা-ইলিশ রক্ষায় নৌপুলিশের কর্মকর্তা ও শতাধিক সদস্যসহ একটি দল শরীয়তপুর থেকে অভিযান চালিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে ইলিশ শিকারে বাধা দিলে এই ঘটনা ঘটে। নৌপুলিশের এডিশনাল এসপি (মিডিয়া) ফরিদা পারভীন বলেন, অভিযানের সময় জেলেরা অতর্কিতভাবে নৌপুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষায় তাত্ক্ষণিক ৪৭ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে জেলেদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আহত পুলিশ সদস্যদের দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি নৌকা, জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
সিরাজগঞ্জে ২৫ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরায় ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। আসামিদের রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্বরূপকাঠিতে দুই জেলের অর্থদণ্ড
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে জেলেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন ঐ দণ্ডাদেশ দেন।
