কার্পেটিং উঠে ও খানাখন্দে যান চলাচল ব্যাহত

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:১৯

কলেজ মোড় থেকে গোডাউন মোড় সড়ক

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে গোডাউন মোড় পর্যন্ত সড়ক বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির একাধিক স্থানে রয়েছে বড় গর্ত। ঝুঁকি নিয়ে এই সড়কে যানবাহন চলাচল করছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে ভবানীগঞ্জ কলেজ মোড় থেকে গোডাউন মোড় পর্যন্ত ঘুরে দেখা গেছে, সড়কের কার্পেটিং উঠে ও খানাখন্দে ভড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, এটি ভবানীগঞ্জ বাজারের বাইপাস রাস্তা হওয়ায় মোহনপুর, বিহানালী ও ঝিকরা এলাকার যানবাহনগুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। ট্রাক ড্রাইভার আক্কাস জানান, তারা আগে মোহনপুর থেকে মাছ নিয়ে কলেজ মোড় থেকে গোডাউন মোড় হয়ে তাহেরপুরে যেত। এখন ঐ রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় বাধ্য হয়ে ভবানীগঞ্জ বাজারের মধ্য দিয়ে ট্রাক নিয়ে তাহেরপুর যাচ্ছেন। তাছাড়া, সামান্য বৃষ্টিতেই এখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়।

ভবানীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল জানান, রাস্তাটি নিয়ে মানুষের দুর্ভোগের শেষ নেই। এর আগে একাধিকবার উদ্যোগ নিয়ে এই সড়কে খোয়া ফেলেছি। সেখানে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে তা বেশি দিন টিকছে না। এছাড়া এই রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা জরুরি। ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া জানান, আপাতত যানবাহন চলাচলের উপযুক্ত করার জন্য কলেজ মোড় থেকে গোড়াইন মোড় পর্যন্ত রাস্তা অতিদ্রুত সংস্কার করার ব্যবস্থা নেওয়া হবে। ঐ রাস্তাটি নতুন করে তৈরি করার জন্য আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। মন্ত্রণালয়ে থেকে সেটি পাশ হয়ে এলে আশা করি, আগামী অর্থবছরে রাস্তাটির কাজ করা সম্ভব হবে। এছাড়া তিনি আবহাওয়াজনিত কারণে ভবানীগঞ্জ বাজারের রাস্তাটিতে কার্পেটিংয়ের কাজ করা কিছুটা বিলম্বিত হচ্ছে উল্লেখ করে বলেন, আবহাওয়া ভালো হলে আমরা অতি দ্রুত বাজারের রাস্তায় কার্পেটিং শুরু করব। পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল বলেন, ঐ রাস্তায় (কলেজ মোড় টু গোডাউন মোড়) আপাতত যান চলাচলের উপযোগী করার জন্য দ্রুত কাজ শুরু করা হবে। রাস্তাটি নতুন ভাবে করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। এখনো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই বাজারের রাস্তায় কার্পেটিং করা যাচ্ছে না।