কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের পশ্চিম বসন্তপুর এলাকার বাসিন্দা ওমর চান ওরফে সাচ্চু হত্যারহস্য উদ্ঘাটন হয়েছে। বর্তমানে পিবিআই মামলাটি তদন্ত করছে।
কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন পিপিএম জানান, নিহতের ভাই লায়েস মিয়াকে হত্যা করতে এসে ভুলবশত তার ভাই ওমর চান ওরফে সাচ্চুকে হত্যা করে ঘাতকরা। পিবিআই এ পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন ঘটনার বিবরণ দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
২০১৭ সালের ২৭ জুন দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওমর চান ওরফে সাচ্চুকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
