শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল লেনদেনের শুরুতে শেয়ারবাজারে উত্থান হলেও পরবর্তী সময়ে নিচের দিকে নামতে থাকে সূচক। আর শেষ পর্যন্ত লেনদেনের ধারা নিম্নমুখী ছিল।
গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক চার পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে অবস্থান করছে। সবগুলো সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১১১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৬টি এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৪৩ কোটি ৭ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে সন্ধানী লাইফ ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ২২ কোটি ৩৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এস এস স্টিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪১টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে।
