নতুন ৪৩টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করল বিএসটিআই

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

ভোক্তাসাধারণের মধ্যে ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে লো ফ্যাট মিল্ক, ফ্লেভারড মিল্ক, আইস ললি, ন্যাচারাল মেহিদি, ডিসওয়াশিং লিকুইড, লিকুইড টয়লেট ক্লিনার, নেইল পলিস, গোল্ড (স্বর্ণ), পাওয়ার লুমে তৈরি কটন শাড়ি, প্যাসেঞ্জার কার টায়ার ও রিম, হলো ক্লে ব্রিক্স ও ব্লকস, পাওয়ার ট্রান্সফরমারসহ নতুন ৪৩টি নিত্যপ্রয়োজনীয় পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৩৪তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এতে সভাপতিত্ব করেন। এতে কাউন্সিলের প্রথম সহসভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, দ্বিতীয় সহসভাপতি ও শিল্পসচিব কে এম আলী আজম, সদস্যসচিব ও বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার (গ্রেড-১) উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।