অতি মুনাফাখোরদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক আছে সরকার: কৃষিমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৯

মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে একযোগে অতি মুনাফা করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রবিবার টাঙ্গাইলের ধনবাড়ীতে আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে। গত বোরো মৌসুমেও ধানের অত্যন্ত ভাল ফলন হয়েছে। কিন্তু কয়েক দফায় দীর্ঘস্থায়ী বন্যার জন্য আমন ধানের উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আশানুরূপ উৎপাদন না হওয়ার আশংকা দেখা দিচ্ছে।

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে, মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে অতি মুনাফা করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার এদের ষড়যন্ত্রের বিষয়ে খুব সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই কৃষিবান্ধব ও কৃষক দরদী। তার নেতৃত্বে সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ, সার, বীজ ও সেচ সহ কৃষি উপকরণের ভর্তুকি প্রদান এবং ফসলের উন্নত জাত উদ্ভাবন ও চাষের জন্য দেশে খাদ্য উৎপাদনে ব্যাপক উন্নয়ন হয়েছে। করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও দেশে এখন পর্যন্ত খাদ্যের কোন সংকট হয়নি। সামনের দিনগুলোতেও যে কোন পরিস্থিতিতে কোনভাবেই যাতে মানুষের খাদ্য সংকট না হয়, সেজন্য সরকারের পূর্ব প্রস্তুতি রয়েছে। দেশের কোন মানুষকে যাতে না খেয়ে কষ্ট করতে না হয় সেটার নিশ্চয়তা দেয়াই সরকারের লক্ষ্য। সেজন্য প্রয়োজন হলে অল্প পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি করা হবে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ‘বন্যা-প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প’র আওতায় টাঙ্গাইলের এই আশ্রয়কেন্দ্রটি নির্মিত হচ্ছে। ভিত্তি প্রস্তর স্থাপনকালে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, পৌর মেয়র মো. মাসুদ পারভেজসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি