ভিএআরকে দুষছেন কোম্যান

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০০:২৫

আমরা এখানে কারো মুখ বন্ধ করতে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের মতো করে কাজটা করতে, নিজেদের কৌশলে বিশ্বাস রেখে এসেছি। এটাই আমরা করেছি :জিনেদিন জিদান

 স্পোর্টস ডেস্ক

কোচ হিসেবে নিজের প্রথম এল ক্লাসিকোটা সুখকর হয়নি বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। দলের হারের পর ডাচ এই কোচ দুষছেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে। এদিকে রিয়াল কোচ জিনেদিন জিদান অবশ্য এতে কান না দিয়ে বড় করে দেখলেন নিজেদের অর্জনকেই।

ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়ালের এক কর্নারের সময়ে ক্লেমেন্ত লংলে সার্জিও রামোসের জার্সি টেনে ধরলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান রামোস। ভিএআর পরীক্ষার পর রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। সে পেনাল্টিতেই দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে এগিয়ে যায় জিদানের শিষ্যরা।

বার্সা কোচ মনে করেন, এখানে ভিএআরকে ব্যবহার করা হয়েছে তার দলের বিপক্ষে। তিনি বলেন, ‘ভিএআর কেন ব্যবহার করা হয়? গেল সপ্তাহে গেতাফের বিপক্ষেও দুটো চ্যালেঞ্জ আপনারা দেখেছেন। এটা কেবল বার্সেলোনার বিপক্ষেই যাচ্ছে দেখছি।’ তিনি আরো যোগ করেন, ‘মাঠের এই অংশে জার্সি ধরে এমস টানাটানি হয়েই থাকে। আর আমার মনে হয় রামোসই লংলেকে প্রথমে ফাউলটা করে। জার্সি ধরে টানাটানি হয়েছে তা ঠিক, কিন্তু তা তাকে ফেলে দেওয়ার মতো ছিল না যেমনটি হয়েছে। আমি মনে করি, এটা পেনাল্টি ছিল না।’

বার্সা কোচের মতে, সে সিদ্ধান্তটাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তার দলকে। কোম্যানের কথা, ‘সিদ্ধান্তটি ম্যাচের ফলে বড় প্রভাব ফেলেছে, কারণ এর আগে পর্যন্ত আমরা সমানে সমানে লড়ছিলাম।’

এদিকে রিয়াল কোচ জিদান বড় করে দেখছেন দলের জয়কেই। বললেন, ‘আমরা এখানে কারো মুখ বন্ধ করতে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের মতো করে কাজটা করতে, নিজেদের কৌশলে বিশ্বাস রেখে এসেছি। এটাই আমরা করেছি। আমরা যা করেছি তাতে আমি গর্বিত, নিখুঁতভাবে রক্ষণকাজ করেছি তারপর জায়গা সৃষ্টি করে আক্রমণ করেছি।’

ম্যাচের আগে কাদিজ আর শাখটার ডনেটস্কের কাছে হেরেছিল দলটি। এল ক্লাসিকোকে কোচ জিদান দেখেছিলেন পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ হিসেবে। সে সুযোগটা কাজে লাগিয়েছে তার  দল। অধিনায়ক রামোসের আশা, এ ম্যাচের অনুপ্রেরণায় আর পেছন ফিরে তাকাতে হবে না দলকে। রামোসের ভাষায়, ‘এই জয় আমাদেরকে আরো বেশি মানসিক শক্তি দেবে। এখানে ১৬ বছর ধরে আছি আমি। তাই আমার ভালোভাবেই জানা আছে, দুটো ম্যাচ খারাপ খেললেই কিভাবে সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে। মৌসুমে ভালো-খারাপ সময় আসেই। আশা করছি, এ মৌসুমেই খারাপ সময়ের শেষ এখানেই।’