স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের আশা ছেড়ে দিয়েছেন সালমান বাট। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক এখন মন দিচ্ছেন ধারাভাষ্য কক্ষে। তবে, একই সঙ্গে পাকিস্তানে নিজের কোনো ভবিষ্যত্ নেই বলেই মনে করেন তিনি।
কায়েদ-ই-আজম ট্রফির সেন্ট্রাল পাঞ্জাব দলে শুরুতে বাটের নাম থাকলেও পরে তিনি প্রত্যাহার করে নেন নিজেকে। আপাতত তিনি মনোযোগ দেবেন কেবলই সাদা বলের ক্রিকেটে। সালমান বাট বলেন, ‘বুঝতে পারছি যে, পাকিস্তান দলে আমার কোনো ভবিষ্যত্ নেই। আমি ক্রিকেট খেলেছি সম্মানের সঙ্গে এবং ফেরার পর (নিষেধাজ্ঞা কাটিয়ে) অনেক রান করেছি। জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লক্ষ্য ছিল, তাই পারফরম করার তাড়না ছিল।’
২০১০ সালে তুমুল আলোচিত স্পট ফিক্সিং কাণ্ডে নাটের গুরু মনে করা হয় সেই সময়ের পাকিস্তান অধিনায়ক বাটকে। ইংল্যান্ডে জেল খেটে ও ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ থেকে ২০১৬ সালের জানুয়ারিতে আবার পাকিস্তানের ক্রিকেটে ফেরেন বাট। সালমান বাট আরো বলেন, ‘এ বছর নিজেকে প্রশ্ন করলাম, আমি কী করছি? কেন খেলা চালিয়ে যাচ্ছি? আরেক মৌসুম যদি খেলি, সেটির কারণ কী? অনেক ভেবেই বাস্তবতা বুঝতে পেরেছি যে ,তারা আমাকে দলে নেবে না। এজন্যই বিকল্প কিছু চেষ্টা করছি যেখানে ভূমিকা রাখতে পারি এবং পার্থক্য গড়তে পারি।’
