তিন জেলায় বিসিবির কোচ নেই

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০০:২৬

স্পোর্টস রিপোর্টার

সারা দেশে বিসিবির ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার অবিচ্ছেদ্য অংশ বিভিন্ন জেলার কোচ। প্রতি বছর বয়সভিত্তিক পর্যায়ে (অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮) ক্রিকেটার বাছাইয়ে কাজ করেন এসব কোচ। চলতি বছরে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে নিজেদের স্কিল দেখাচ্ছেন আগামীর ক্রিকেটাররা। তা দেখেই ক্রিকেটার বাছাই চলছে জেলাগুলোতে।

তবে দেশের তিনটি জেলায় এখন কোচ নেই বিসিবির। গতকাল বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, নেত্রকোনা ও বগুড়ায় বিসিবির জেলা কোচের পদ শূন্য আছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ দ্রুতই এসব জেলার কোচ নিয়োগ করবে।

এই বিভাগের অধীনে ৯১ জন কোচ রয়েছে বিসিবির। জেলা, বিভাগীয় পর্যায়ের কোচ ছাড়াও বয়সভিত্তিক দলগুলো এবং এইচপি মিলে ১৭ কোচ আছে বিসিবির। তার মধ্যে সাত জনের বেতন বাড়াচ্ছে বিসিবি। সূত্র জানায়, সাত কোচের বেতন ২৫ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বোর্ড সভায় যা অনুমোদন পাবে।