অধিকাংশ দূরবর্তী রুটের বাসে গন্তব্যের পরিবর্তে অন্য স্থানের নাম উল্লেখ থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে—রাজশাহী থেকে রংপুর দূরপাল্লার বাস, অধিকাংশ রাজশাহী-বগুড়া বাসে ‘রাজশাহী হতে বগুড়া’ না লিখে ‘রাজশাহী-বগুড়া-রংপুর’ উল্লেখ থাকে এবং বাসের সুপারভাইজাররাও ‘বগুড়া-রংপুর’ বলে বলে যাত্রীদের বিভ্রান্ত করে। এভাবে অনেক যাত্রী হয়রানির শিকার হন—তাঁরা বাসে উঠে জানতে পারেন—এই বাস তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছাবে না। তাঁদের থেকে পূর্ণ ভাড়া আদায় করে গন্তব্যের আগেই নামিয়ে দিয়ে লোকাল কোনো বাসে উঠিয়ে দেওয়া হয়, ফলে সেসব যাত্রী যথাসময়ে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পারেন না। বর্তমানে দূরপাল্লার বাসের নামে কিছু লোকাল বাস চলাচল করে, যেগুলোতে গন্তব্যের স্থান ঠিকমতো উল্লেখ নেই। অতএব প্রশাসনের কাছে আকুল আবেদন এই যে, পরিবহনের কোনো রুটের বাসে যথাযথ স্থানের নাম উল্লেখপূর্বক স্টিকার লাগানোর ব্যবস্থা করা হোক।
আশিকুর রহমান (আশিক)
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
