ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে মারধর

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:১১

টাকা ও ব্যাংকের চেক লুট

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা গেছে, মো. রনি আহাম্মেদ নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে তার কাছ থেকে টাকা, আইফোনসেটসহ বিভিন্ন ব্যাংকের চেক লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে বিলট্রেড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী রনি আহম্মেদ সাভার উপজেলার গেরওরা এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইট ব্যবসায়ী।

ভুক্তভোগী জানান, গতকাল বেলা ১১টার দিকে মোটরসাইকেল যোগে ইট ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে কালামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে পুলিশের স্টিকার লাগানো একটি কালো রঙের প্রাইভেটকার তার গতিরোধ করে। এসময় পুলিশ পরিচয় দিয়ে কয়েক জন লোক গাড়ি থেকে নেমে তাকে লোহার রড দিয়ে বেদম প্রহার করে তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা, একটি আইফোনসেট ও বিভিন্ন ব্যাংকের ২০টি চেক ছিনিয়ে নেয়। তার মধ্যে একটি চেকে ১৩ লাখ টাকার অঙ্ক বসানো রয়েছে। এসব লুট করে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় দুর্বৃত্তরা। চিত্কার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যায়। ওসি দীপক চন্দ্র সাহা জানান, এই বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে।