দুর্নীতির মামলায় সিভিল অ্যাভিয়েশন প্রকৌশলীর ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল অ্যাভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। রায়ে দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনে আট বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আছির আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী আছির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করে দুদক।