যশোর অফিস
যশোরের চুড়ামনকাটি এলাকায় ভৈরব নদ থেকে মোস্তফা (৫৫) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোস্তফা সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মণ্ডলের ছেলে।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করেছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তত্পরতা শুরু করেছে।
