বরিশাল শেবাচিম আন্তঃবিভাগ চিকিত্সক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদককে বহিষ্কার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:১৫

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) আন্তঃবিভাগ চিকিত্সক পরিষদের (আইডিএএস) যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মাসুদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার শেবাচিম শাখা আন্তঃবিভাগ চিকিত্সক পরিষদের সভাপতি সুদিপ কুমার হালদার ও সাধারণ সম্পাদক ডা. আশিক দত্ত স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের নাম ব্যবহার করে ডা. মাসুদ খানের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ অবস্থায় সংগঠনের মূলনীতি বহির্ভূত কার্যকলাপে যুক্ত থাকায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়। এ কারণে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ডা. মাসুদ ২ ইন্টার্ন চিকিত্সকের নামোল্লেখসহ আট থেকে ১০ জন এমবিবিএস শিক্ষার্থীর বিরুদ্ধে তার ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করেন হাসপাতালের পরিচালকের কাছে। এর পরদিন ২২ অক্টোবর ইন্টার্ন চিকিত্সকরা ডা. মাসুদের বিরুদ্ধে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে ইন্টার্ন চিকিত্সকদের নামে কমিশন আদায়, সিনিয়রদের সঙ্গে ঔদ্ধত্য প্রদর্শন এবং অধীনস্থ ইন্টার্ন চিকিত্সকদের ভাতা আটকে রাখার অভিযোগ করেন পরিচালকের কাছে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।