ইত্তেফাক ডেস্ক
ভেনেজুয়েলার সরকারবিরোধী নেতা লিওপল্ডো লোপেজ গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন। দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলা ছাড়লেও দেশের জন্য কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
২০১৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সামরিক অভুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কারাকাসে স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় নেন লোপেজ। প্রায় ১৮ মাস সেখানে অবস্থানের পর তিনি স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়েছেন বলে তার বাবা জানিয়েছেন। লোপেজ আজ সোমবার মাদ্রিদে পৌঁছাবেন বলে আশা করছেন তিনি।
এক টুইট বার্তায় লোপেজ জানিয়েছেন, ভেনেজুয়েলাবাসী, এই সিদ্ধান্ত সহজ ছিল না। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই সেবক যেকোনো স্থান থেকে লড়াই করবে। লোপেজের দেশত্যাগের ব্যাপারে ভেনেজুয়েলা সরকারের কাছ থেকে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০১৪ সালে সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ করায় আটক হন ছাকাওয়ের সাবেক মেয়র লোপেজ।
