দলকে শক্তিশালী করতে পারলে আমরা আবারও ক্ষমতায় যেতে পারব

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:০৩

স্টাফ রিপোর্টার, রংপুর

জাতীয় পার্টির প্রতি মানুষের আস্থা বাড়ছে উল্লে­খ করে জাপা চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ বিএনপি নয় দলকে শক্তিশালী করতে পারলে আমরা আবারও ক্ষমতায় যেতে পারব। তিনি বলেন, আমি মারা গেলে আমাকে যেন আমার বাবা মার কবরের পার্শ্বে সমাহিত করা হয়।  কেননা কবর দেওয়া নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয়। গতকাল রবিবার বিকেলে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে বাবা মরহুম মকবুল হোসেন অ্যাডভোকেট ও মা মজিদা খাতুনের কবর জেয়ারত শেষে তিনি একথা বলেন।

বাবা মার কবরের পার্শ্বে জায়গা রাখার জন্য রংপুর সিটি মেয়রের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, এখানে যেন জায়গা নির্ধারণ করে রাখা হয় কারণ আমি চাই না মারা যাবার পর কবর দেওয়া নিয়ে কোনো বিতর্ক হোক।            এর আগে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জেয়ারত ও ফাতেহা পাঠ করেন। পরে রংপুর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দলে কোনো গ্রুপিং বা কোন্দল চলবে না। যেখানেই এ ধরনের সমস্যা আছে সেখানেই সমাধান করার উদ্যোগ নিয়েছি।

পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে তিনি নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।