অল্প দিনের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হবে -------- ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:০৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, সরকারের কূটনৈতিক তত্পরতায় দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের নিজ দেশে (মিয়ানমারে) প্রত্যাবর্তন করতে পারবেন। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দেশগুলোর চাপের কারণেই মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। অল্প দিনের মধ্যেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুরু হবে। গতকাল রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রনদা প্রসাদ সাহার নিজ গ্রাম মির্জাপুর সাহাপাড়ায় পূজামণ্ডপ এবং কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্যোগের সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী যে মানবিকতার পরিচয় দিয়েছেন সে জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কুমুদিনী পরিবার এবং সারা দেশে সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন হওয়ায় তিনি সরকারের ভূয়সী প্রশংসা করেন। কুমুদিনী পরিবারকে তার সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এম হালিম, কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।