খুলনা মহানগরীর ময়ূর নদীসহ ২২ খালের অবৈধ দখল উচ্ছেদ ও নগরীর ড্রেনেজ সংস্কারসহ অবিলম্বে সাত দফা বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার বেলা ১১টার দিকে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও সিটি মেয়রের নিকট স্মারকলিপি প্রদান, ২২ জানুয়ারি জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও ২৩ জানুয়ারি বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান।
সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ জামান লিখিত বক্তৃতায় খুলনা মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ ও বর্ষাকালে পাম্প হাউজের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশন, নগরীর সকল সরকারি-বেসরকারি পুকুর ও জলাশয় সংরক্ষণ, নগরীর ফুটপাত দখলমুক্তকরণ ও মশক নিধন, শত বছরের পুরাতন বড় বাজারকে আধুনিকায়নের আওতায় আনা, রেলওয়ের অব্যবহৃত জমির পূর্ণ ব্যবহার নিশ্চিতকরণ, যানজটমুক্ত খুলনা নগরী গড়ে তোলা, পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়নসহ যাতায়াত ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে রূপসা ও ভৈরব নদীর তীর ঘেষে শহর রক্ষা বাঁধসহ পরিকল্পিত রিভার ভিউ রোড ও দৃষ্টিনন্দন পার্ক নির্মাণ, নগরীর প্রাণকেন্দ্র থেকে জোড়াগেট-ফুলবাড়ীগেট-শিরোমনি-ফুলতলা সড়ক ডিভাইডারসহ ৬ লেনে উন্নীতকরণ এবং খুলনা রেলস্টেশন-পাওয়ার হাউজ মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত শেরে বাংলা রোড ৬ লেনে উন্নীতকরণের দাবি জানান।
আরো পড়ুন : নকল সার তৈরি ও বাজারজাত করায় ব্যবসায়ীকে জরিমানা
সংবাদ সম্মেলনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ জাফর ইমাম, ইঞ্জিনিয়ার আজাদুল হক, শাহীন জামান পন, মনিরুজ্জামান রহিম, অধ্যাপক আবুল বাশারসহ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
