প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার প্রচারণা ভালোই চলছে। তিনি জনমত জরিপ নিয়ে ভাবেন না। বাইডেন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আগামী শীতকাল আমেরিকানদের জন্য অন্ধকার হতে পারে।
শনিবার এক দিনে তিন রাজ্যে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওহাইওতে এক সমাবেশে ট্রাম্প দাবি করেছেন, তার প্রচারণা ভালোই চলছে। জনমত জরিপ নিয়ে তিনি ভাবেন না বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট গতকাল নিউ হ্যাম্পশায়ারে প্রচারণা চালিয়েছেন। এই রাজ্যে তিনি গত বছর হিলারি ক্লিনটনকে তিন হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। নিউ হ্যাম্পশায়ারের পর ট্রাম্পের ম্যানচেস্টারে প্রচারণা সমাবেশে যোগ দেওয়ার কথা। ট্রাম্প বলেন, আমাদের দুশ্চিন্তার কিছু নেই। ট্রাম্প নির্বাচনের আগে এক দিনে পাঁচটি সমাবেশ করতে পারেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ট্রাম্প বিভিন্ন জরিপে বাইডেনের চেয়ে অন্তত দশ পয়েন্ট পিছিয়ে আছেন।
দুশ্চিন্তা নেই বললেও প্রেসিডেন্ট ট্রাম্প তার রিপাবলিকান দলের নেতাদের ব্যক্তিগতভাবে বলেছেন, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা তাদের জন্য খুবই কঠিন হবে। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। টেনেসিস অঙ্গরাজ্যের নাশভিলেতে ব্যক্তিগতভাবে দাতাদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কিছু সিনেটরকে তিনি সমর্থন করছেন না। আবার কিছু সিনেটর দলের পক্ষে ঠিকমতো কাজ করছেন না। ঐ বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, তৃতীয় তথা শেষ বিতর্কের আগে এক বৈঠকে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প এবং বাইডেন দুই জনই ব্যাটলগ্রাউন্ড স্টেটে প্রচারণা চালাচ্ছেন। এই রাজ্যগুলোই জয়-পরাজয় নির্ধারণ করে। বাইডেন শনিবার পেনসিলভানিয়ায় দুটি সমাবেশ করলেও রবিবার কোনো সমাবেশ করেননি। করোনা ভাইরাস নিয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় আবারও প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন বাইডেন। তিনি আমেরিকানদের সতর্ক করে বলেছেন, ট্রাম্পের ব্যর্থতার জন্য শীতকালে করোনা ভাইরাস জেঁকে বসতে পারে। সঠিক কাজটি না করলে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে। শীতকাল আমাদের জন্য অন্ধকার হতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এক দিনে রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছেন। শুক্রবার আক্রান্ত হয়েছিল প্রায় ৮৪ হাজার।
