চবিতেও সরাসরি পরীক্ষায় ভর্তির সিদ্ধান্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবর্ষ স্নাতক (সম্মান) সরাসরি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সরাসরি এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবারও ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে পরীক্ষা হবে। পরীক্ষা কত দিনে হবে, কোথায় হবে —এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সব অনুষদের ডিন এবং বিভাগের সভাপতিরা উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেবে।