সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনে রাজপথে নামব :পীর মিসবাহ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:১৯

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়েছিলাম, মানুষের অধিকারের স্বার্থে জাতীয় সংসদে ও রাজপথে বোবা হয়ে থাকব না। মানুষের অধিকারের জন্য আন্দোলন-সংগাম করে যাব। আজকে বিশ্ববিদ্যালয় নিয়ে যে আন্দোলনের সূচনা করেছি, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যাব, তারপর প্রয়োজনে সুনামগঞ্জবাসীকে নিয়ে সুনামগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য রাজপথে নামব। আমরা চাই সুনামগঞ্জ সদরে যেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের আস্থা, আমাদের আশ্রয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই দাবি মেনে নেবেন।’

গতকাল রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে সুনামগঞ্জ সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে সুনামগঞ্জবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, সরকারি কলেজের সাবেক ভিপি সইফুর রহমান শামসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জাপা নেতা মনির উদ্দিন মনির, আব্দুল কাদির প্রমুখ।