মোবাইল ফোনে কথা বলার সময় খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২৩:২০

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নাজমুল হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে খিলক্ষেত রেলক্রসিং এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মারা যান। আশপাশের লোকজনের কাছে জানা যায়, মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হাঁটছিলেন নাজমুল।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাজমুল। তিনি একজন ব্যবসায়ী। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।