রাজধানীর মোহাম্মদপুরে গতকাল সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির আত্মকর্মসংস্থান প্রকল্প-৬-এর দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক মোসাম্মাত্ রাজিয়া। প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক এম নাসির উদ্দিন মুন্সী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদা রহমান চৌধুরী, আশরাফুল আলম ইমরান ও সাদিয়া ইসলাম মীম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসির উদ্দীন মুন্সী জানান, বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে সিইডিএস বিভিন্ন কারিগরি শিক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে তিনি সংগঠনের নেতাকর্মীসহ সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহ বিচ্ছেদ, নির্যাতন, অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধিসহ, ধূমপান, মাদক প্রতিরোধ ও এইচআইভি এইডস প্রতিকার ও প্রতিরোধে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কর্মসূচি গ্রহণের জন্য তিনি সবাইর প্রতি আহ্বান জানান। —প্রেস বিজ্ঞপ্তি
