হাজী সেলিমের গাড়ি গাড়িচালক রিমান্ডে

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:০৯

সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি গাড়িচালক মীজানুর রহমানকে রিমান্ডে পেয়েছে পুলিশ। হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় এই রিমান্ডে নেওয়া হয়।

পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এই রিমান্ড মঞ্জুর করেন।

রবিবার রাতে রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খানকে মারধর করা হয়। এসময় ওই কর্মকর্তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

এ ঘটনায় সোমবার হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে ধানমন্ডি থানায় মামলা হয়। মামলার মূল আসামি হলেন সংসদ সদস্যের ছেলে ইরফান। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া নোয়াখালীর এক এমপির জামাতা।

অভিযোগ থেকে জানা যায়, নৌবাহিনীর ওই কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এরপর গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে ওই কর্মকর্তাকে মারধর করেন। গাড়িটি হাজী সেলিমের। তবে ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন।

এ ঘটনায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের মদ, বিদেশি মদের বোতল, বিয়ার ও বিপুল পরিমাণ ওয়াকিটকি এবং ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া তার বেডরুম থেকে একটি পিস্তলও উদ্ধার করা হয়।

ইত্তেফাক/জেডএইচ