এইচএসসি পরীক্ষা:ব্যাংকিং ও বিমা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৯:০৪

নির্মল ইন্দু সরকার, সাবেক শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড

কলেজ, ঢাকা

 

১. ‘Y’ ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় এর শাখা খুলে জনগণের কাছ থেকে আমানত নেয় এবং ঋণদান করে। এই ব্যাংক এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। অন্যদিকে ব্যাংক Z এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। দেশে দ্রব্য সামগ্রীর দাম বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে Y ব্যাংকটি Z ব্যাংককে সহযোগিতা করে।

 

ক. ব্যাংক কী?                             ১

খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন?- ব্যাখ্যা করো।          ২

গ. উদ্দীপকে উল্লিখিত ‘Y’ ব্যাংকটি  কোন ধরনের ব্যাংক? -

ব্যাখ্যা করো।               ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে?-বিশ্লেষণ করো।       ৪

 

১নং প্রশ্নের উত্তর

ক. ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, যা বিভিন্ন হিসাবের মাধ্যমে কম সুদে আমানত নিয়ে

বেশি সুদে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে।

 

খ. ব্যাংক জনগণের অর্থে ব্যবসায় করে বলে ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়। ব্যাংক কম সুদের বিনিময়ে গ্রাহকের অর্থ আমানত হিসেবে নেয়। উক্ত আমানত ব্যাংক কিছু অর্থ জমা রেখে বাকিটা বেশি সুদে ঋণ দেয়। ব্যাংক এভাবে ধার করা অর্থ দিয়ে ব্যবসায় পরিচালনা করে।

 

গ. উদ্দীপকে উল্লিখিত ‘Y­-ব্যাংক’ হলো একটি বাণিজ্যিক ব্যাংক।এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ধরণের ব্যাংক কম সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ নেয়। আবার, বেশি সুদে উক্ত অর্থ অন্যদের ঋণ দেয়।উদ্দীপকের Y ব্যাংকটি দেশের বিভিন্ন এলাকায় এর শাখা স্থাপন করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে নেয়। এর বিনিময়ে ব্যাংকটি তাদের কম পরিমানে সুদ দেয়। আবার, আমানতের অর্থ দিয়ে বিভিন্ন লাভজনক খাতে বেশি সুদে ঋণ দেয়। এ দুই সুদের পার্থক্য থেকে Y ব্যাংক মুনাফা অর্জন করে। তাই বলা যায়, Y ব্যাংকটির কাজের সাথে বাণিজ্যিক ব্যাংকের কাজের মিল রয়েছে।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে Y-ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে।Y-ব্যাংকটি জনগণের সঞ্চিত অর্থ থেকে মূলধন গঠন ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এভাবে ব্যাংকটি অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে। উদ্দীপকে উল্লিখিত Y ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংকটি জনগণের অর্থ থেকে বিভিন্ন লাভজনক খাতে ঋণ দেয়। এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। অন্যদিকে, Z ব্যাংকটি একটি কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাজ নিয়ন্ত্রণ করে। দেশে দ্রব্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণেও ব্যাংকটি হস্তক্ষেপ করে।

উদ্দীপকের Y ব্যাংকটি জনগণের আমানত থেকে তহবিল গঠন করে। উক্ত তহবিল থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও লাভজনক খাতে ঋণ দেয়। এতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ে। এছাড়া ব্যাংকটি বিভিন্ন বিনিময়ের মাধ্যম; যেমন: চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র প্রভৃতি সৃষ্টি করে। এর ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারিত হয়। মূলত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করে। তাই বলা যায়, উল্লিখিত Y ব্যাংকটি দেশের অর্থনৈতিক মূল ভূমিকা রাখে।