হাজীগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:১৫

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে সুফিয়া বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের বেপারী বাড়ির পুকুরে ওই নারীর লাশ ভাসতে দেখে বাড়ির লোকজন। সুফিয়া বেগম স্বামী পরিত্যক্তা ছিলেন। তার কোনো সন্তান নেই এবং তিনি বাবার বাড়িতে বসবাস করতেন বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পুকুরে ওই নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘এটি একটি রহস্যজনক মৃত্যু। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।’

ইত্তেফাক/নূহু