ভ্যাটের অসত্ ব্যবহার

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৪

সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সরকারের নাম বিক্রি করে ভোক্তার সঙ্গে প্রতারণা করছে। কিছু মানুষের আষ্টেপৃষ্ঠে যেন প্রতরণা, ছলনা ও লালসা। তাদের সকাল শুরু হয় মানুষকে ঠকানোর চিন্তাভাবনা দিয়ে। কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া গেছে, বিভিন্ন রেস্টুরেন্ট ভোক্তাদের থেকে অসত্ উপায়ে ভ্যাটের নাম করে টাকা আদায় করছে। ১৭ বা ১৫ শতাংশ ভ্যাটের নাম করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। ক্রেতা যখন জানতে চায় রসিদে ১৭ শতাংশ ভ্যাট কেন? তখন উত্তর আসে—তারা ১৭ শতাংশ ভ্যাট রাজস্ব অধিদপ্তরে জমা দেয়। তখন রাজস্ব অধিদপ্তরে জমা দেওয়া ভ্যাটের রসিদ দেখতে চাওয়া স্বাভাবিক। তারা রসিদ দেখাতে অক্ষম হলে ক্রেতার কাছ থেকে ১৭ শতাংশ টাকা কম রাখে। এবং ঘুষ দিয়ে ভুক্তভোগীর মুখ বন্ধ করার চেষ্টা করে। তবে ব্যাপারাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনভাবে সারা দেশে ব্যবসায়ীরা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে। সাধারণ মানুষ ঠিকই সরকারকে ভ্যাট দিচ্ছে। কিন্তু অসাধু প্রতারকরা সরকারের ঘরে ভ্যাট জমা না দিয়ে নিজেদের ব্যাংক ব্যালেন্স মোটা করছে। আশা করব, যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে পুরো দেশে ভ্যাট ফাঁকিবাজদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করবে।

তাসনিম হাসান মজুমদার

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ