ফর্মে ফিরে তৃপ্ত স্টোকস

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৬

স্পোর্টস ডেস্কর

বাবা অসুস্থ ছিলেন, তাই ছেলে বেন স্টোকস ছিলেন তার পাশে। খেলতে পারেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) প্রথম থেকে। একটু পরে যোগ দেন দলের সঙ্গে। তবে, নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন।

ব্যাটিং অর্ডারেও আসে পরিবর্তন। তাকে এবার ওপেনিংয়ে ব্যাটিং করাচ্ছে রাজস্থান। এই ম্যাচের আগে পাঁচ ম্যাচে করতে পারেননি একটাও হাফ সেঞ্চুরি। বরং তার ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনাও চলছিল বেশ।

তবে, রবিবার রাতে সব সমালোচনা মিলিয়ে গেল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আট উইকেটে জয়ের রাতে ৬০ বলে ১০৭ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। এই সেঞ্চুরিতে দিয়ে ফর্মে ফেরা আর সমালোচনার জবাব, দুটিই হয়ে গেল স্টোকসের। সব মিলিয়ে তৃপ্ত তিনি।

বললেন, ‘সত্যি বলতে অম্লমধুর অনুভূতি। আমি নিজেও অবাক হয়েছি যে এই টুর্নামেন্টে ছন্দ খুঁজে পেতে কেন এতটা সময় লাগল। আরো দুই-তিন ম্যাচ আগে এ রকম ইনিংস খেলতে পারলে ভালো লাগত। ফর্মে ফেরা সব সময়ই দারুণ। তবে এখন আমাদের শীর্ষ চারে কোয়ালিফাই করতে পারার সম্ভাবনা দুলছে।’

স্টোকসের বিশ্বাস, পরিবারের এই কঠিন সময়ে তার সেঞ্চুরিটি খানিকটা দাওয়াই হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘আমাদের পরিবারের জন্য সময়টা খুব কঠিন। আশা করি এই ইনিংস বাড়িতে একটু হলেও সবার মুখে হাসি ফোটাবে।’