করোনায় মৃত্যু: নার্সিং কর্মকর্তা রাহুলের পরিবার পাবেন ৫০ লক্ষ টাকা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:০৫
এবার সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবার ৫০ লক্ষ টাকা পাবেন। এর আগে সিলেটের চিকিৎসক মঈন উদ্দিনের পরিবার ৫০ লক্ষ পান। রুহুল আমিনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ফাইল প্রসেসিংয়ের কাজ চলছে। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে কোভিট-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দেশের প্রথম পুরুষ সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের কাছে সোমবার ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে ২ লক্ষ টাকার সঞ্চয়পত্রের চেক তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘করোনাকালে মহামারি আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে, করোনার সময় সম্মুখযুদ্ধে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে সরকার। এর আগে সিলেটের চিকিৎসক মঈন উদ্দিনের পরিবার পেয়েছেন ৫০ লক্ষ টাকা। নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের ফাইলও যদি প্রসেসিং করা হয় তার পরিবারও এই পরিমাণ অনুদান পাবেন।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম রুহুল আমিনের ফাইল প্রসেসিংয়ের জন্য ইতোমধ্যে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ বিষয়ে ইসরাইল আলী সাদেক বলেন, ইতোমধ্যে ফাইলটি সিলেট থেকে স্বাস্থ্যমন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। রুহুল আমিনের পরিবার যাতে দ্রুত এ অনুদান পায় সে জন্য পররাষ্ট্রমন্ত্রীর জোর সুপারিশ রয়েছে। আশা করছি- রুহুল আমিনের পরিবার শিগগিরই এ অনুদান পাবেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে রাত সোয়া ১০টার দিকে মারা যান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন। এর আগে ১৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের সহকারী অধ্যাপক মঈন উদ্দীন। ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। অবস্থার অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরে তাকে ঢাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি গত ১৫ এপ্রিল মারা যান। পরে তাঁর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে গত আগস্টে সরকারি অনুদানের ৫০ লক্ষ টাকা পায় ডা. মঈন উদ্দিনের পরিবার। ইত্তেফাক/এমআর