ছিটকে গেলেন কোটিনহো

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার জন্য আরো দুঃসংবাদ। এল ক্লাসিকোয় পাওয়া এক মাংসপেশির চোটে বেশ কিছু সপ্তাহের জন্য ছিটকে গেছেন ফেলিপে কোটিনহো। যার ফলে অন্তত জুভেন্তাসের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

শনিবারের ম্যাচেই খানিকটা অস্বস্তি নিয়ে উঠে গিয়েছিলেন কোটিনহো। এরপর রবিবার পরীক্ষায় ধরা পরে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। এরপর ক্লাব কর্তৃপক্ষ একটি সংক্ষিপ্ত বিবৃতিতে তার ছিটকে যাওয়ার খবর জানায়।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানাচ্ছে, এ চোট থেকে সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহের প্রয়োজন ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের। যা হলে কোটিনহোকে কমপক্ষে চার ম্যাচে পাবেন না কোচ রোনাল্ড কোম্যান। ম্যাচগুলো হচ্ছে, জুভেন্তাস, আলাভেস, ডায়নামো কিয়েভ ও রিয়াল বেতিসের বিপক্ষে। রিয়াল বেতিস ম্যাচের আগে অবশ্য এক সপ্তাহের সংক্ষিপ্ত এক আন্তর্জাতিক ফুটবলের বিরতি আছে, যা বার্সা মিডফিল্ডারকে সেরে ওঠার জন্যে বাড়তি সময় দেবে। ধারণা করা হচ্ছে আগামী ২১ নভেম্বর ওয়ান্দা মেত্রোপলিতানোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারবেন কোটিনহো। এক মৌসুম ধারে কাটিয়ে যখনই স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন কোটিনহো, তখনই নেমে এলো এই চোটের খড়গ। এর ফলে আগামী বুধবার জুভেন্তাসের বিপক্ষে বার্সেলোনাকে নামতে হবে মূল একাদশের কমপক্ষে দুজন খেলোয়াড়কে ছাড়া। ফেরেঙ্কভারোসের বিপক্ষে আগের ম্যাচে লাল কার্ড দেখার কারণে জেরার্ড পিকেও খেলতে পাবেন পরের ম্যাচটি।