বড়দের ছোট পরীক্ষা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

অ্যাটলেটিকো মাদ্রিদকে নিজেদের উদ্বোধনী ম্যাচে উড়িয়ে দেওয়ার পর শিরোপাধারী বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে আতিথ্য নেবে ক্ষুদে লোকোমোটিভ মস্কোর। দিনের অন্য ম্যাচে লিভারপুল খেলবে মিডজিল্যান্ডের বিপক্ষে। এদিকে রিয়াল মাদ্রিদ আতিথ্য নেবে জার্মান প্রতিপক্ষ বরুসিয়া মুনশেনগ্লাডবাখের।

লোকোমোটিভের বিপক্ষে ইতিহাসে দুবার মুখোমুখি হয়েছে বায়ার্ন। ১৯৯৬ উয়েফা কাপে নিজেদেরে মাঠে ১-০ ব্যবধানে হারের পর ফিরতি লেগে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রাশান দলটিকে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে রাশিয়ার দলগুলোর প্রতি বায়ার্ন যেন একটু বেশিই নির্মম। ১৪ ম্যাচে হার মোটে একটিতে।

লোকোমোটিভও জার্মান দলগুলোর বিপক্ষে দুর্বল, হেরেছে শেষ নয় ম্যাচের আটটিতেই। সঙ্গে বায়ার্ন মিউনিখের সাম্প্রতিক ফর্মকে যোগ করলে ব্যাভারিয়ানদের সহজ জয়ই অপেক্ষা করছে আজ রাতে। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ রেডবুল সালজবুর্গের বিপক্ষে খেলবে আজ।

‘বি’ গ্রুপে শাখটার ডনেটস্ক আজ আতিথ্য দেবে ইন্টার মিলানকে। অন্যদিকে প্রথম ম্যাচে হারা রিয়াল মাদ্রিদ জয়ে ফিরতে আজ লড়বে বরুসিয়া মুনশেনগ্লাডবাখের মাঠে। ইংলিশ দুই দল ম্যানচেস্টার সিটি আর লিভারপুল জয়ের ধারা ধরে রাখার লড়াইয়ে আজ নামবে যথাক্রমে মার্শেই আর মিডজিল্যান্ডের বিপক্ষে।