বিপদ বাড়ল সিএসএয়ের

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) বিপদ ক্রমেই বাড়ছে। ছয় জনের পর এবার বাকি চার জন বোর্ড সদস্যও ছেড়ে দিলেন তাদের পদ। এই টালমাটাল অবস্থাতেই আগামী ২ নভেম্বর শুরু হবে দেশটির ঘরোয়া ক্রিকেট মৌসুম।

গত বছর থেকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় চলছে অস্থিরতা। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে পুরো বোর্ডকে গত শুক্রবার পদত্যাগ করতে বলেছিল বোর্ডের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মেম্বার্স কাউন্সিল।

এর দুদিন পর গত রবিবার সিএসএ-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বেরেসফোর্ড উইলিয়ামসসহ ছয় জন বোর্ড সদস্য রবিবার পদত্যাগ করেন। উইলিয়ামস, ডেনোভান মে, টেবোগো সিকো, অ্যাঞ্জেলো কারোলিসেন ও জন মোগোডি—এ পাঁচ জন তাদের প্রদেশের মাধ্যমে বোর্ডে নির্বাচিত হয়েছিলেন। তারা বোর্ডের স্বাধীন সদস্য ছিলেন না। তাদের সঙ্গে স্বাধীন বোর্ড সদস্য হিসেবে পদত্যাগ করেন কেবল ডেভেন ধর্মালিঙ্গম।

বাকী তিন জন স্বাধীন বোর্ড সদস্য ইউজেনিয়া কুলা-আমেয়াও, মারিয়ুস স্কোম্যান, ভুয়োকাজি মেমানি-সেদিলে এবং আরেক নন-ইন্ডিপেন্ডেন্ট সদস্য জোলা থামায়ে পরদিন সরে দাঁড়ালেন তাদের পদ থেকে। আপাতত মেম্বার্স কাউন্সিলের প্রধান রিহান রিচার্ডস সিএসএ-এর ক্রিকেট সংশ্লিষ্ট সব বিষয়ের প্রধান হিসেবে কাজ করবেন। অন্তর্বর্তীকালীন কমিটিতে কাদের রাখা হবে, এটা এখনো নিশ্চিত নয়।