ময়মনসিংয়ে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৮

স্পোর্টস রিপোর্টার

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুয়া স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু অনূর্ধ্ব-১৮ ফুটবলারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক। ডিএফএর সভাপতি দেলোয়ার হোসেন মুকুল, বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল থমাস স্মলী, সাবেক ফুটবলার ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ৩০০ হতে বাছাই করে ৭৫ ফুটবলারকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এখান থেকে আরো ভালো মানের খেলোয়াড়দের বাফুফে একাডেমিতে নেওয়া হবে। এ কারণে পল স্মলীকেও ময়মনসিংহে পাঠিয়ে প্রতিভাবানদের তালিকা করতে বলা হয়েছে।

প্রশিক্ষণে আসা গোলকিপার আতিকুর রহমান মেহেদী দারুণ খুশি। এই গোলকিপার তার স্বপ্নের কথা শুনিয়েছেন এভাবে, ‘আমি এখানে সুযোগ পেয়ে খুশি। বাফুফেকে ধন্যবাদ দিতে চাই এই আয়োজনের জন্য। আমার লক্ষ্য হচ্ছে জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানাই ভাইয়ের জায়গা কেড়ে নেব। জাতীয় দলে খেলব আমি।’ বাফুফের কর্মকর্তারাও মেহেদীর এমন প্রত্যয় দেখে দারুণ খুশি। আর বাফুফের সহসভাপতি আতাউর রহমান মানিক জানিয়েছেন তারা এ ধরনের প্রক্রিয়া দেশ জুড়ে পরিচালনা করবেন। প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করবেন।