প্রচারণায় নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৪

কিশোরগঞ্জ পৌর নির্বাচন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ক্রমশ সরগরম হয়ে উঠছে শহরের অলিগলি। নির্বাচনের দিন-ক্ষণ এখনো ঠিক হয়নি, তবুও মনোনয়নপ্রত্যাশীরা মাঠে নেমে পড়েছেন। রঙিন পোস্টার-ব্যানারে শহর সয়লাব হয়ে গেছে। বিশেষ করে পরবর্তী মেয়র কে হচ্ছেন—ইতিমধ্যে এই নিয়ে বেশ জল্পনাকল্পনা শুরু হয়েছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে রয়েছেন। দলীয় পরিচয়হীন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। তারা পোস্টার-ব্যানার দেয়ালে কিংবা রাস্তার মোড়ে টাঙিয়ে দিয়েছেন। কেউ কেউ গণসংযোগও শুরু করে দিয়েছেন।

যেসব মনোনয়নপ্রত্যাশীদের ব্যানার-পোস্টার শোভা পাচ্ছে, তারা হলেন—জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আ. আজিজ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, জেলা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাবেক কমিশনার নজরুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল গণি ঢালী লিমন, বিএনপির সাবেক পৌর মেয়র আলহাজ মো. আবু তাহের মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী প্রদীপ কুমার বর্মণ প্রমুখ। বর্তমান মেয়র মাহমুদ পারভেজ এবং বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের ব্যানার বা পোস্টার এখনো চোখে পড়েনি। এদিকে কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীরাও পোস্টার-ব্যানার ছেপেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করে দিয়েছেন।