কক্সবাজার প্রতিনিধি
ফৌজদারি দণ্ডবিধিতে অভিযুক্ত হওয়ায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান ছোটনকে বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৯ সালের ৩০ নভেম্বর ফৌজদারি দণ্ডবিধির ১৪২/৩২৬/৩২৪/৩৭৯ ধারায় কুতুবদিয়া থানায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটনের বিরুদ্ধে দায়েরকৃত জিআর মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালত কর্তৃক গৃহীত হয়েছে। ফলে ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ আইনের ৩৪(১) ধারা অনুযায়ী কক্সবাজারের জেলা প্রশাসক বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটনকে বরখাস্ত করার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করেন। তার পরিপ্রেক্ষিতে আ ন ম শহীদ উদ্দিন ছোটনকে একই আইনের বিধানমতে সাময়িকভাবে চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করা হয়।
