ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে কনফারেন্স
চাঁদপুর প্রতিনিধি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জশনে জুলুছে কনফারেন্সের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহয়ের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব আল্লাম জয়নুল আবেদীন জুবায়ের।
কাঁকড়াচাষিদের উপকরণ বিতরণ
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা পাথরঘাটায় কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের চাষিদের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার চৌধুরী মাসুম টিবিএম কলেজের মিলনায়তনে এ সভা হয়। বেসরকারি এনজিও সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মুনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা।
৭৫ পূজামণ্ডপে মাস্ক বিতরণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলায় দুর্গাপূজা উপলক্ষ্যে ফেইসবুক গ্রুপ হামার ডিমলা ও নীলফামারী জেলা ছাত্রলীগের পক্ষ হতে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার রাতে উপজেলার ৭৫টি পূজামণ্ডপে পূজা উদ্যাপন কমিটির মধ্যে হামার ডিমলা ও নীলফামারী জেলা ছাত্রলীগের আয়োজনে গ্রুপের অন্যতম সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী ও নীলফামারী জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইয়েন কাদির কাননের অর্থায়নে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
লেখক-সাংবাদিক পংকজ মণ্ডলকে সংবর্ধনা
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা পাক্ষিক চিতলমারীর অন্তরালে পত্রিকার পক্ষ থেকে লেখক-সাংবাদিক পংকজ মণ্ডলকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার চিতলমারীর অন্তরালে পত্রিকার নিজস্ব কার্যালয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. একরামুল হক মুন্সীর সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য, পংকজ মণ্ডলের গ্রামীণ সাংবাদিকতার ওপর লেখা উপন্যাস ‘খবরের ফেরিওয়ালা’ চলতি বছর ঢাকা একুশের বই মেলায় প্রকাশিত হয়।
পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্প সম্পন্ন
খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্প-২০২০ ‘সবুজ পাহাড়ের বাঁকে’ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট হল রুমে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউটের উপ-পরিচালক জীতেন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস।
শান্তিপূর্ণভাবে দুর্গোত্সব উদ্যাপিত
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কুলিয়ারচরে শারদীয় দুর্গোত্সব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। গত ২২ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের বিজয়াদশমীর দিনে সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটে। কুলিয়ারচর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট মনমথ দাস জানান, এ বছর পুরো উপজেলায় ৩০টি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে পূজা হয়েছে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পূজা উত্সব উদ্যাপন হয়েছে।
মন্দিরে মন্দিরে অনুদানের অর্থ বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরে মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ২৮৫টি মন্দিরে এ অর্থ বিতরণ করেন।
নেত্রকোনায় দুর্গামন্দির এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি দুর্গাপূজার শেষ দিনে সোমবার নেত্রকোনা মোক্তারপাড়া সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রেড ক্রিসেন্টের পক্ষ হতে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
