গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ১৪২ বোতল ফেনসিডিল এবং প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১-এর সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার নাওজোর এলাকা থেকে গত রবিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নোয়াখালী জেলার সেনবাগ থানার উত্তর গোরকাটা এলাকার মৃত আব্দুছ ছাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা এলাকার এখলাছ খালাসীর ছেলে ইয়াছিন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন বাসন থানার ইটাহাটা নাওজোড় এলাকার ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্তোরাঁর সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে জাহাঙ্গীর ও ইয়াছিন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ১৪২ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কারসহ নগদ ২ হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতরা চোরাই পথ দিয়ে ভারতে তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
