মতলবে মায়ের মামলায় ছেলে কারাগারে

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:২২

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

মা-বাবার দেখভাল ও ভরণপোষণ না করায় মায়ের করা মামলায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মতলব পৌরসভার বরদিয়ার এলাকার মোবারকদি গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের বিরুদ্ধে চাঁদপুরের আদালতে ভরণপোষণের দাবি করে মামলা করেন তার মা।

পারিবারিক সূত্রে জানা যায়, ঐ গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার পেশায় একজন কাঠমিস্ত্রি। প্রায় ৯ বছর আগে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর গ্রামে বিয়ে করেন। আর বিয়ের পর থেকেই মা-বাবাকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকছেন তিনি। পরিবারের অভাব-অনটনের কারণে তার বাবা-মা কষ্টে জীবনযাপন করছে। নিতান্তই অসহায় হয়ে পড়ায় মা ভরণপোষণের অভিযোগ এনে আদালতে মামলা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, মো. সুমন হাওলাদার মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় মা আদালতে মামলা করেছেন। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।