রাবিতে বঙ্গবন্ধুকে অবমাননায় জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:২৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ‘প্রগতিশীল ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দে’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এমফিল ফেলো মতিউর রহমান মর্তুজার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক ও ইতিহাস বিভাগের সিনিয়র অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, সহকারী প্রক্টর ও চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবীর, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাওন উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস আলী, প্রজন্ম লীগের রাবি শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রাবি ছাত্রলীগের সহসভাপতি মাহফুজ আল আমিন প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের  ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক নির্মাণের নামে ৮০ লাখ টাকা তছরুপ করেছেন। ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বাধীন কমিটির তদন্তে এর প্রমাণও মিলেছে। একই সঙ্গে তারা প্রথমে প্রণয়ন করা নকশা বদল করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিচে যুক্ত করেছেন। যার মধ্য দিয়ে স্পষ্টভাবে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে। স্মৃতিফলক নির্মাণ ও বঙ্গবন্ধুকে অবমাননায় জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে স্থায়ী বরখাস্তের দাবি জানান তারা।