রাবি উপাচার্য অপসারণের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:৩৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের অপসারণের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে মিছিলটি কাজলা গেটের কাছে এক সমাবেশে মিলিত হয়। পরে সেখানে পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত এবং পুলিশ এক জনকে আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ছাত্রদল নেতারা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মেইনগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর কাজলা গেটে গিয়ে এক সমাবেশে মিলিত হন। রাবি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক সুলতান আহমেদ রাহীর বক্তব্য চলাকালে পুলিশ আকস্মিক লাঠিচার্জ করে। এতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাবেক সিনিয়র যুগ্মসম্পাদক সুলতান আহমেদ রাহী, সাবেক যুগ্মসম্পাদক সামসুদ্দিন চৌধুরী সানিনসহ ১০ নেতাকর্মী আহত হন। এ সময় পুলিশ ছাত্রদলের এক জন কর্মীকে আটক করে নিয়ে যায় বলে নেতারা জানান। তবে তারা ঐ কর্মীর নাম বলেননি।

ছাত্রদলের মিছিল সমাবেশে বাধা দেওয়া হয়নি দাবি করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম সিদ্দিকুর রহমান বলেন, দাবি সবাই জানাতেই পারেন। সেখানে পুলিশ কেন বাধা দিবে। ওসি আরো বলেন, মিছিল সমাবেশে অংশ নেওয়া রাজশাহী কলেজের এক সাবেক শিক্ষার্থী পুলিশ দেখে দৌড়ে পালাচ্ছিল। এ সময় তাকে আটক করে থানায় আনা হয়। তবে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।