শিশুসহ সড়কে ঝরল ছয় প্রাণ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:৪৯

শিশুসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

কক্সবাজার ও পেকুয়া সংবাদদাতা :পেকুয়ায় পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন। নিহতরা হলেন—পেকুয়া মগনামা ইউনিয়নের বাসিন্দা সিএনজি ড্রাইভার মো. তারেক (৩৭) ও রাজাখালীর ইউনিয়নের পাখি বেগম (৫৫)। গতকাল পেকুয়া নন্দীর পাড়া স্টেশনে সিএনজি ও ডাম্পার মুখোমুখি সংঘর্ষে তারেক ও রবিবার পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে সিএনজির ধাক্কায় পাখি বেগম নিহত হন।

ফরিদগঞ্জ (চাঁদপুর) :ফরিদগঞ্জে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় জান্নাতুল ফেরদৌস (১২) নামে এক শিশু নিহত হয়। গতকাল চাঁদপুর-রায়পুর মহাসড়কের আয়শা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জান্নাতুল চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে।

নান্দাইল (ময়মনসিংহ) :নান্দাইলে ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদির মল্লিক (৫৮) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মহেষকুড়া ঈদগাহ মাঠের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাদির স্থানীয় বিরাশী মল্লিক বাড়ির বাসিন্দা।

চাটমোহর (পাবনা) :চাটমোহরে মালবোঝাই ট্রাকচাপায় শামসুন্নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার চাটমোহর-হান্ডিয়াল সড়কের উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শামসুন্নাহার উপজেলার চরপাড়ার (বিশিপাড়া) গ্রামের বাসিন্দা শুকুর আলীর প্রথম স্ত্রী ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) :রূপগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকাগামী মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল মামুন (৩৬) নামে একজন নিহত হয়েছেন। গতকাল ঢাকা বাইপাস সড়কের সুলপিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি খিলক্ষেত থানার পিংক সিটি এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক ফেনি জেলার মধুপুর গ্রামের ইয়াকুব ও হেলপার তার ছোট ভাই মাসুমকে পুলিশ আটক করেছে।