ভারত-আমেরিকা ‘টু প্লাস টু’ বৈঠক

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:৪৯

ভারত সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক টি এসপার। গতকাল সোমবার দুই দেশের মধ্যে দুইদিন ব্যাপী ‘টু প্লাস টু’ বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী এসপারের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ডোনাল্ড ট্রম্পের ভারত সফরের আট মাস পর গুরুত্বপূর্ণ এই বৈঠকে বসেছে নয়াদিল্লি-ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আগামী বৈঠকে ভারতের সঙ্গে আমেরিকার পারস্পরিক বোঝাপড়া আরো বাড়বে। পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে দুই আমেরিকান কূটনীতিকের। ভারতের পর শ্রীলংকা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া সফরের কর্মসূচিও রয়েছে পম্পেওর।

হোয়াইট হাউজ জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষার তথ্য আদান-প্রদান, সেনা পর্যায়ের আলোচনা এবং প্রতিরক্ষা বাণিজ্যের মতো বিষয় রয়েছে আলোচ্যসূচিতে। আরো নির্দিষ্ট করে বললে এই টু প্লাস টু বৈঠকেই বাইল্যাটারাল এক্সচেঞ্জ কো-অপারেশন এগ্রিমেন্ট (বিইসিএ) বা ‘দ্বিপাক্ষিক মত বিনিময় ও সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা জোরদার। হোয়াইট হাউজের বিবৃতিতে আগেই এ নিয়ে বলা হয়েছিল, ‘এই চুক্তির ফলে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আঞ্চলিক তথ্য আদান-প্রদান আরো বাড়বে। আমরা সেনা প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তথ্য আদান-প্রদানের বিষয়টি আরো জোরদার ও সুরক্ষিত করতে চাই।’ চুক্তি হলে উপগ্রহের মাধ্যমে রিয়েল টাইম ভিত্তিতে আঞ্চলিক তথ্য পাবে আমেরিকা। বৈঠকে চীনের সঙ্গে লাদাখে ভারতের উত্তেজনার বিষয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।