করোনা সংক্রমিত ৪ লাখ ছাড়াল

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:৫০

দুই মাসে আরো ১ লাখ রোগী শনাক্ত হওয়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ২৫১ জনে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৪৩৬ রোগী শনাক্ত হয়েছে দেশে। আর গত এক দিনে এ ভাইরাসে আরো ১৫ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৯৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন হয়েছে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১১টি ল্যাবে ১৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২২ লাখ ৭১ হাজার ৩৪৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৯ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৩ লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১০ অক্টোবর তা সাড়ে ৫ হাজারে দাঁড়ায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ছয় জন। তাদের মধ্যে ১৪ জন হাসপাতালে ও এক জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৫১ থেকে ৬০ এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। ১০ জন ঢাকা বিভাগের এবং তিন জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট দুই জন বরিশাল ও সিলেট বিভাগের বাসিন্দা। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৮১৮ জনের মধ্যে ৪ হাজার ৪৮০ জনই পুরুষ এবং ১ হাজার ৩৩৮ জন নারী। তাদের মধ্যে ৩ হাজার ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৫৪৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭২৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩২১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৩১ জনের ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৯ জনের বয়স ছিল ১০ বছরের কম।