জনপ্রতিনিধি হোক আর যেই হোক অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের উর্ধ্বে নয়। যে-ই অপরাধ করুক, অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। চকবাজারে বাসায় অভিযান চালিয়ে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও তার দেহরক্ষীকে ১ বছরের জেল দেওয়া প্রসঙ্গে গতকাল সোমবার ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ওই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি অনাকাঙ্খিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তার ওপর তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।
উলেখ্য রবিবার সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান বাসস্ট্যান্ডে সংসদ সদস্য হাজী সেলিমের দ্বিতীয় ছেলে ইরফান সেলিমসহ ৫ জন গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ ও তার স্ত্রীকে মারধর করেন। ওই ঘটনায় লেফটেন্যান্ট ওয়াসিফ ধানমন্ডি থানায় মামলা করেন। পরে র্যাবের ভ্রাম্যমান আদালত চকবাজারের দেবিদাস ঘাট লেনে হাজী সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেফতার করে এবং অনুমোদনহীন ওয়াকিটকি ও মাদক ব্যবহারের অভিযোগে ১ বছরের জেল দেয়।
